Friday, August 20, 2021

লিঙ্গসাম্যের পদ্য ১ " না ।"                                                             লিঙ্গসাম্যের পদ্য ১

না।

মধুপর্ণা কর্মকার।

 

তোমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে যারা

তাদের দিকে তাকিয়ে বলো  -  না ।

তোমার সীমা ভেঙ্গে তোমাকে তছনছ করার উদ্দেশ্য নিয়ে যারা

শকুনের মত ঘুরছে তোমার চারদিকে। তাদের দিকে সোজা তাকিয়ে বলো – না।

তোমার আত্মাকে বিষ ঢেলে নীল করতে চাইছে যারা । চোয়াল শক্ত করে বলো – না।

তোমাকে ঘুড়ি বানাতে চেয়ে লাটাই হাতে দাঁড়িয়ে আছে যারা । তাদের দিকে বুলেটের মত ছুঁড়ে দাও – না।

যে নিষাদ পেতেছে ফাঁদকবুতর ভেবে তোমার নরম মাংস খাবে বলে। তার চোখের দিকে ঘৃণা ছুঁড়ে দিয়ে বলো – না।

হিতৈষীর বেশে যে তোমার আত্মবিশ্বাস ব্লটিং পেপারের মত শুষে নিতে এসে দাঁড়িয়েছে তোমার সামনে, তাকে তর্জনী তুলে চিহ্নিত করে বলো - না।

তোমাকে উপনিবেশ করে প্রভুত্ব কায়েম করতে চায় যে বা যারা তাদের আপ্যায়ন করো ‘না’ দিয়ে।

চৌহদ্দি থেকে পত্রপাঠ বিদায় করে দাও না এর বাতাস দিয়ে। তারপর কড়া লিকারের চা বানিয়ে নিজে খাও।  

তোমার জীবনকে নিজের করে তোলার জন্য তোমাকে নিজের চারপাশে কাটতে হবে না এর পরিখা।

নারী, যাবতীয় ক্ষয়কামী ও ক্ষমতালোভী পুরুষতান্ত্রিক উপদ্রবকে ‘না’ বলে,  তুমি ডুবে যাও তোমার নিজস্ব ধ্যানে।

No comments:

Post a Comment

                                         নদীর পাড়ে  দেহঘর                                                মধুপর্ণা   একটা কোলাজ কে সাজায়,...