ছায়া
মধুপর্ণা
কর্মকার
যোগিনী
খোলোস ছাড়িয়া আসে, ছায়া ছাড়িয়া আসে, কোথায় রাখিয়া আসে? কোথায়? বনে। রাখিয়া আসিয়া ভুলিয়া
যাইতে হয় বলে। তাহাকে বিদ্ধ করিয়া বলি, মানুষ কি সাপ নাকি? খোলোস ছাড়িয়া আসিবার কথা
বলিস! সে হাসিয়া একপ্রকার পাগল হৈয়া যায়। বলে, কার্ল ইয়ুং কে জিজ্ঞাসা করিয়া আয়। উনি
জানেন মানুষে কতবার খোলোস ছাড়িয়া আসে, ছায়ার সঙ্গে যুদ্ধ করিয়া কত সময় কাটায়। যা গিয়া
জিগা। ছায়া গুলি একে একে পুড়াইয়া তাহার পর একজন আবিস্কৃত হয়। যোগিনী বলিতে থাকে, ছায়া
গুলি যেদিন সরিয়া যাইবে সব সেইদিন মুক্ত হৈয়া যাইবি, ততদিন চেষ্টা চালাইয়া যা। এইভাবে
একটা একটা খোলস ছাড়িয়া একদিন দেখবি আর একটিও স্তর নাই খুলিয়া ফেলিবার। বলি, তুমি কি
কথা বলো! তুমি তো দেখিতেছি অন্ধকারের জালিকা গুলি স্পষ্ট দেখিতে পাও। যোগিনী বলে, আমি
শুধু না অনেকেই পায়। আত্ম প্রতিফলন যাহাদের রহিয়াছে তাহারা দেখিতে পায় ভিতর বাহির।
সামনে তুমি কথা বলিলে তাহাতে তাহারা বিশ্বাস করে না। কথার ভিতর আর সামনে যে বা যাহারা
দাঁড়াইয়া আছে তাহার উদ্দেশ্য বিধেয়, হিডেন ইন্টেনশন সকলই দেখিতে পায়। তাহাদের যাহারা
বোকা ভাবিয়া নিজের উদ্দেশ্য চালনা করিতে চাহে তাহাদের মত নির্বোধ আর নাই, শক্ত যদি
হৈতে পারো তাহা হৈলে দেখিতে পাইবে তোমাকে যাহারা বোকা ভাবিয়া নানা প্রকার খেলা দেখাইতে
ছিল, তাহারা খেলিয়া যাইবে, কিছুদিন পর তাহাদের জোকারের মত দেখাইবে। শুধু বিচ্ছিন্ন হৈয়া
দেখিয়া যাও, মাঝখানে একটি স্বচ্ছ দেওয়াল রাখিয়া দাও যাহাতে দেখিতে পাও কিন্তু আঁচ না
লাগে। তোমাকে যাহারা বোকা বানাইয়া উদ্দেশ্য সিদ্ধি করিতে চাহিবে তাহাদের নাচিতে দেখিয়া দূর হৈতে আনন্দ পাও। বলি, জানি না যে এই কথা তাহা নহে। দেখিয়াছি। কৌশল
খুব উপাদেয় বিষয় যতক্ষণ সামনের জন কৌশল না বুঝে। লার্নড এমপ্যাথের সামনে কৌশল করিয়া,
নাচিয়া শেষ অবধি লাভ নাই। নাচিয়া ক্লান্ত হৈয়া থামিয়া যাইবে একদিন। আর সাপ নিজের বিষ
অন্যের উপর ঢালিতে না পারিলে শেষ অবধি নিজের লেজ কামরাইবে। নিজের বিষে নিজে মরিবে।
যোগিনী আবার বলে, কাইন্ডনেস ডাস নট ওয়ার্ক সিস্টার। নলেজ ইজ পাওয়ার। জানিয়া শিখিয়া
রাখো সব। উত্তরে বলি, মাইন্ড ইজ আ লোডেড গান। যোগিনী হাসিয়া উঠে, লোড করিয়া রাখিতে
হয়, একজন দক্ষ যোদ্ধা জানে কখন ব্যবহার করিতে হয়। কিন্তু সম্পূর্ণ অস্ত্রহীন থাকা উচিত
নয়, নারীদের তো নয়ই। অস্ত্র থাকিল, ব্যবহার করিলে না, কিন্তু সময় যখন আসিল তখন সামনের
জনকে উড়াইয়া দাও। দ্বিতীয়বার আক্রমণের অবসর রাখিয়ো না। দয়া পরবশ হৈয়া, অন্যে কেহ কোন
আচরণ করিতেছে বুঝিতে পারিতেছ, উদ্দেশ্য বুঝিতে পারিতেছ বলিয়া উপেক্ষা করিয়া গেলে চলিবে
না। কেহ কেহ এই ভাষা বুঝে, অধিকাংশই বুঝে না। তাহাদের ঐখানেই ধুলিস্যাত করিয়া দিতে
হয়। যাহারা বুঝিতে পারে তাহারা সীমা লঙ্ঘন করে না, যাহাদের বুঝিবার ক্ষমতা নাই তাহার
বারংবার সীমা লঙ্ঘন করিয়া আত্ম প্রতিস্থাপন করিতে চায় আর মরিয়া হৈয়া উঠে সীমা নষ্ট
করিতে। সুতরাং মনে রাখিও, মাইন্ড ইজ আ লোডেড গান।
No comments:
Post a Comment